২১ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করায় পার্টি থেকে বহিস্কার হলেন এক কেন্দ্রীয় নেতা। তিনি হলেন সিলেট জেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সহ-সভাপতি ও । দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাল্টা অভিযোগ এনে তাকে বহিস্কার করা হয়।
রোববার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ’টাকা দিয়ে দলীয় মনোনয়ন’ এমন অভিযোগ করেছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী। গত ৫ মে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগের পাশাপাশি তার দলের হাইকমান্ডের বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যেরও অভিযোগ তুলে ধরেন।
মাহবুবুর রহমান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত ৪ মে সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবুলকে দলীয় মনোনয়ন দেয় সংসদের বিরোধী দল জাপা।
বাবুলের এ মনোনয়নকে অবৈধ দাবি করে পরদিন সংবাদ সম্মেলন করে মাহবুবুর রহমান চৌধুরী বলেন- ‘আমি সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে দলের প্রতীক লাঙ্গল নিয়ে সংসদ নির্বাচন করেছি। বিগত দিনে সিলেটের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। আর সেই তাগিদে আমি এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে এক বছর আগে থেকেই সিলেটে কার্যক্রম শুরু করি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়- টাকার কাছে ফিকে হয়ে পড়েছে একজন রাজনীতিকের স্বপ্ন। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্য হয়েছে। প্রায় কোটি টাকার বিনিময়ে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জাতীয় পার্টির টিকিট।’
সেদিন তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং এ বিষয়ে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দৃষ্টি আকর্ষণ করে তাঁর কাছে বিচারও দেন। কিন্তু সেই বিচারের ‘পুরস্কার’ হিসেবে বহিষ্কার হয়েছেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা।
রোববার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়- ‘গত ৫ মে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি কর্তৃক কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’