২১ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : আসন্ন আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৯০ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী ভোট কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিতের জন্য ১৬ থেকে ১৭ জনের ফোর্স নিয়োজিত থাকবে। এক্ষেত্রে সাধারণ ভোটকেন্দ্রে ১৬ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন বিভিন্ন আইন-শৃঙ্খলা সদস্য নিয়োজিত থাকবে।এদের মধ্যে সাধারণ কেন্দ্রে চার জনের হাতে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পাঁচ জনের হাতে অস্ত্র থাকবে।
নির্বাচনে এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারে ১৯০ টি মোবাইল ফোর্স, ৯৪ টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১০০টি টিম এবং ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে ভোটের এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের আগে পরে সর্বোচ্চ পাঁচদিনের জন্য দায়িত্ব পালন করবেন।
এদিকে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতের জন্য ১৯০ জন নির্বাহী এবং ৫৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মহানগরীর’তে ভোটের দিন সর্বক্ষণ কাজ করে যাবেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিপিএএ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠির অনুলিপি ইসি সচিব মো. জাহাংগীর আলমকেও পাঠানো হয়েছে।
সিসিক নির্বাচনে বিজিবি-আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সিটি কর্পোরেশনভূক্ত এলাকাসমূহে বিজিবি এবং নির্বাচনী এলাকার নিকটবর্তী নদী পথে দায়িত্ব পালন করবে নৌ-পুলিশ। রিটার্নিং কর্মকর্তা সহায়তা কামনা করলে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করবে। রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ বাহিনীর। ভোটকেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই হবে ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যদের প্রধান কাজ। এছাড়া নির্বাচন-সংশ্লিষ্ট সব সরঞ্জাম ও দলিল দস্তাবেজ আনা-নেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করা; নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীগণের নিরাপত্তা নিশ্চিত করা; নির্বাচন কার্যালয়সমূহ, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা বিধান করা; স্থানীয় জননিরাপত্তা, ভোটকেন্দ্রে ভোটারগণকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করানোসহ স্থানীয় শৃঙ্খলা নিশ্চিত করা; ভোটারগণের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা; সংশ্লিষ্ট এলাকার ভোট কেন্দ্রসমূহের ইভিএম এবং ইভিএম’র কারিগরি সহায়তায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব।
পুলিশ বাহিনী কর্তৃক নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করবে আনসার ও ভিডিপি।