২০ মে ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : সুহৃদ বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সম্মেলনে বক্তারা বলেন, দেশপ্রেমিক বিত্তশালী ও মেধাবীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ বর্তমানে সমাজ ও দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই উন্নয়নের ধারাবাহিকতায় সকলকে এগিয়ে আসতে হবে। সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে হলে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
অর্থনৈতিক মুক্তির জন্য আত্মসংস্থানের বিকল্প নেই। বাংলাদেশের অবহেলিত মানুষের কল্যাণ এবং বাংলাদেশি হিসেবে তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করছে সুহৃদ বাংলাদেশ। দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে একঝাঁক সৎ ও মেধাবী ব্যক্তি।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল ও হাসপাতাল মিলনায়তনে সুহৃদ বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি রুমেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুহৃদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নিখিল মৃধা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায়।
সুহৃদ বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্র ধর রুমুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল কান্তি সরকার, বাবুল হালদার, কেন্দ্রীয় অফিস সেক্রেটারী অর্চনা রানী সাহা, অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, বিশ্বজিৎ কুমার রায়, প্রভাস ভদ্র প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডাঃ পূর্ণেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডাঃ কান্তি প্রিয় দাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর প্রমুখ।