১৮ মে ২০২৩


মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি’র দাফন সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি (র.) এর দাফন সম্পন্ন হয়েছে। দরগাহে হজরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে দরগাহে হজরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে ও দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনায়েদ।

মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) জানাযার নামাজে লাখো মানুষের ঢল নামে। নামজে ঈদগাহ ময়দানে জায়গা না হওয়ায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে জানাযার নামাজ আদায় করেন লাখো মানুষ।

জানাজা পূর্ব সমাবেশে মরহুমের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারা ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মজদুদ্দিন আহমদ, শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহুদ্দিন সিরাজ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট এদারা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদি, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, দরগাহপুর মাদরাসার মুহতামিম আল্লাামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, কানাইঘাট মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী চিল্লা। সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জামেয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, ধনুকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা জাবেদ প্রমুখ।

এদিকে, মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির জানাজায় অংশ নিতে বুধবার রাত থেকেই মুসল্লিরা মাদরাসা প্রাঙ্গণে আসতে শুরু করেন। শাহী ঈদগাহ ময়দানে লাশ নিয়ে যাওয়ার আগেই পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এসময় আশেপাশের সড়কও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এর গনে বুধবার রাত সাড়ে ৭ টায় তিনি দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য আলেম।

শায়েখের বর্ণাঢ্য জীবন
শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রাহ. ১৯৪৭ সালের ৮ জানুয়ারি সিলেট জেলার কানাইঘাট থানার অন্তর্গত গাছবাড়ী ডাকনাইল দক্ষিণ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা মুহাম্মদ ইসহাক রহ.।

শিক্ষার্জন
গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জনের পর মাযাহিরুল উলূম আকুনি মাদরাসায় সানাবিয়া ৩য় বর্ষ পর্যন্ত পড়াশুনা করেন। অতঃপর জালালাইন ও মিশকাত জামাত জামেয়া দারুল উলূম কানাইঘাটে অধ্যয়ন শেষে ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া আরাবিয়া রানাপিং -এ মাওলানা রিয়াসত আলী চৌঘরী রহ. ও মাওলানা তাহির আলী তৈপুরী রহ. –এর কাছে দাওরায়ে হাদিস পড়েন।

অতঃপর দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬২ ঈসায়িতে পুনরায় তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি হাটহাজারিতে ফেক্বাহ, তাফসীর, আদব ও মানতিক বিষয়ে পড়াশুনা করেন।

কর্মজীবন
দারুল উলূম হুসাইনিয়া দরগাহপুর পাথারিয়া মাদরাসায় অধ্যাপনার মাধ্যমে তাঁর প্রাতিষ্ঠানিক খিদমাতের সূচনা হয়। চার বছর পর ১৮/১০/১৯৯৩ হিজরিতে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেটে তিনি যোগদান করে পর্যায়ক্রমে সদর মুদাররিস, শিক্ষাসচিব, শায়খুল হাদিস ও মুহতামিম হিসেবে দায়িত্বরত অবস্থায় ১৭ মে বুধবার মাওলায়ে হাকিকির মুলাকাতে চলে গেলেন না ফেরার দেশে।

শেয়ার করুন