৪ মার্চ ২০১৮


পুলিশী প্রহরায়ই হামলা, হাতে ও পিঠে ২৬টি সেলাই

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করে আহত করার ঘটনাস্থল রয়েছে পুলিশী পাহারায়। রবিবার (৪ মার্চ) ভোরে সরেজমিনে দেখা যায়, সিলেটের জালালাবাদ থানা, বিমানবন্দর থানা এবং পুলিশ লাইনের ১৫-২০জন সদস্য ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনাস্থলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, ঘটনাস্থলটি ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এখানে সব সময় পুলিশ পাহারায় রয়েছে। দিবাগত শনিবার (৩ মার্চ) রাত ১২টার পর থেকে আমরা ১৫-২০জন সদস্য সার্বক্ষণিক ঘটনাস্থলে দায়িত্বে রয়েছি। আমরা ঘটনার পরই বিভিন্ন জায়গা থেকে আসি স্যারদের (পুলিশ কর্মকর্তা) নির্দেশনায়।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গতকাল ঘটনার পর পরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকার সিএমএইচে ভর্তি রয়েছেন দুর্বৃত্তের হামলার শিকার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার সকাল ১১টায় তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর। এ সময় তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকালে হামলার পরপরই সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজে অস্ত্রোপচার করা হয় তার। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার উপস্থিতিতেই অস্ত্রোপচারের মাধ্যমে জাফর ইকবালের হাতে ও পিঠে ২৬টি সেলাই করা হয়।

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। এরপর তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

(আজকের সিলেট/৪ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন