১৪ মে ২০২৩


মেয়র ও কাউন্সিলর পদে ৪০২ জনের মনোনয়ন সংগ্রহ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিসিক নির্বাচনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। এ পর্যন্ত মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ৩৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। গত ২৭ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত প্রার্থীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

মেয়র মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র হিসেবে কিনেছেন মনোনয়ন। তারা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (আওয়ামী লীগ), নজরুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাত পাখা), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র), সামছুন নুর তালুকদার ও মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, রোববার বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪০২ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ ও কাউন্সিলর পদে ৩৯৫ জন।

শেয়ার করুন