১৪ মে ২০২৩
এমদাদুর রহমান চৌধুরী জিয়া : জ্ঞানীদের বাণীতে রয়েছে- ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব’। এরই বাস্তবতা দেখা গেছে সুনামগঞ্জের শাল্লায়, বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি পরিবারে। দেশের কয়েকটি কীর্তিময় পরিবারের মধ্যে অন্যতম আইজিপির মমতাময়ী মা জিন্নাতুন্নেছা চৌধুরীর সাজানো সমৃদ্ধ পরিবার।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা অজপাড়া গ্রাম থেকে সাতজন সন্তানকে উচ্চশিক্ষত ও সু-প্রতিষ্ঠিত করা চাট্টিখানি কথা নয়। নিজ যোগ্যতায় অসম্ভবকে সম্ভব করে জীবিত অবস্থায় রাষ্ট্রের সম্মানজনক খেতাব ‘রত্নগর্ভা মা’ হিসেবে স্বীকৃতি পান জিন্নাতুন্নেছা চৌধুরী।
তার স্বামী শাল্লা উপজেলার অভিজাত ঘরের সন্তান আব্দুল্লাহ মন্নান চৌধুরী। তিনি ছিলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা চেয়ারম্যান। বড় ছেলে দ্বিতীয়বারের মতো বর্তমান বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপির দায়িত্ব পালন করছেন। তিনি হলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
দ্বিতীয় ছেলে পিতার পদাঙ্ক অনুসরণকারী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা চেয়ারম্যান। আরও দুই ছেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন।
এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল-হোসাইনী, সহযোগী অধ্যাপক (লোকপ্রশাসন বিভাগ) ও চৌধুরী আব্দুল্লাহ আল-বাকী, সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ)। তিন নম্বর ভাই চৌধুরী আব্দুল্লাহ আল-আহসান মুমিন; তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে চৌধুরী খুজেস্তা আখতার শারমিন হবিগঞ্জে একটি স্কুলে শিক্ষকতা করছেন অপর বোন চৌধুরী খুজেস্তা আখতার নাজরীন, সুইডেনে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে জিন্নাতুন্নেছা চৌধুরীর দ্বিতীয় ছেলে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) তাদের এ অবস্থানের পেছনে মায়ের অবদানের কথা স্বীকার করে মায়ের জন্য দোয়া চেয়েছেন।