১৩ মে ২০২৩


হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সদর উপজেলার ৫নং গোপায়া ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৭ মে পৌরসভার পশ্চিম মোহনপুর এলাকার সাহেব আলীর স্ত্রী রেবা বেগম বাদি হয়ে ৫নং ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান ও মেম্বার আহাদ মিয়াসহ ১৯ জনের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ৩ মে চেয়ারম্যান আব্দুল মন্নানের ভাতিজা শাহীন মিয়া তার সহযোগি ইমরান, সাইফুল ইসলাম, তানভীরসহ কয়েকজন লোক নিয়ে মোহনপুর এলাকার সাহেব আলীর গাছের আম জোরপূর্বক পাড়তে থাকে। এ সময় তাদের নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর চেয়ারম্যান আব্দুল মন্নানের নির্দেশে উল্লেখিতরাসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সাহেব আলীর ওপর হামলা চালায়। এতে সাহেব আলী ও তার ছেলে স্বপনসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্বপন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৯৯৯ ফোন করলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে আরো উল্লেখ করা হয়, হামলাকারীরা সাহেব আলীর বাড়ি থেকে গবাদি পশু, স্বর্ণালংকার, নগদ টাকা, টমটমের ব্যাটারী লুটপাট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আব্দুল মন্নানসহ কয়েক জনের বিরুদ্ধে মোহনপুরে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলা রয়েছে। একদল পুলিশ অভিযান চালিয়ে গোপায়া ইউনিয়ন পরিষদের সামন থেকে চেয়ারম্যান আব্দুল মন্নানকে গ্রেফতার করে’।

শেয়ার করুন