১৪ মে ২০২৩


কঠিন চ্যালেঞ্জের মুখে আনোয়ারুজ্জামান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট। এরই মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে দল মাঠে কাজ শুরু করলেও কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। একজন প্রবাসীকে মনোনয়ন দেওয়া নিয়ে সিলেটের নেতাদের মধ্যে অভিমান বা ক্ষোভ রয়েছে। যদিও কেন্দ্রের নির্দেশনায় সবাই এখন এক ব্যানারে নেমে পড়েছেন। এখন পর্যন্ত সিলেট সিটিতে আনোয়ারুজ্জামানের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর খোঁজে মেলেনি। যদিও ‘প্রতিদ্বন্দ্বি’ হয়ে প্রচারণায় রয়েছেন জাপার নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান।

তবে বিএনপি নেতা ও বর্তমান দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচন করা, না করার ওপর নির্ভর করবে সিলেটে শাসকদলের প্রার্থীর জয়ের হিসাব-নিকাশ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, ‘ভোটের আগে তো একদম নিশ্চিত বলতে পারবো না। তবে আমাদের দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ। আমাদের ধারণা, আমাদের প্রার্থী বের হয়ে আসবে (জয়ী হবে)।’

তবে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ভোটে আসবেন কি না, সেটা ২০ মে পরিষ্কার হবে। আরিফুল হক চৌধুরীর ভোট করা না করার ওপর অনেকটা নির্ভর করবে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের জয়-পরাজয়।

সিলেটের স্থানীয় রাজনৈতিক সচেতনরা বলছেন, আওয়ামী লীগের সব পক্ষ ভোটে নামছে। কিন্তু এখানে দলীয় ভোট কম। সাধারণ ভোট বেশি। মানুষ তো উন্নয়ন ও ব্যক্তি ইমেজ দেখে ভোট দেয়। আরিফুল হক চৌধুরী সিলেটে অনেক কাজ করেছেন। জনপ্রিয়তা তার বেশি। আনোয়ারুজ্জামান চৌধুরী তো মূলত ওসমানীনগরের লোক, প্রবাসী। তিনি তো সিলেট-২ থেকে মনোনয়ন পাওয়ার জন্য কাজও করেছেন। মনোনয়নে ইঙ্গিত পেয়ে তিনি শহরে ভোটার হিসেবে স্থানান্তরিত হয়েছেন। তবুও শহরে থাকা দলীয় নেতা-কর্মীরা আন্তরিকভাবে তাকে মেনে নেওয়া কঠিন ।

শেয়ার করুন