১২ মে ২০২৩
বিনোদন ডেস্ক : ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং পুরোনো শো ‘তারক মেহতা কা উলটা চশমা’। দীর্ঘ ১৫ বছর ধরে দর্শকদের বিনোদন জুগিয়ে আসছে শো। কিন্তু বিতর্ক যেন বেড়েই চলেছে ‘তারক মেহতা’ টিম ঘিরে। শোয়ের প্রযোজক অসিত কুমার মোদী ফের জড়ালেন আইনি ঝামেলায়।
টাকা না দেয়ার অভিযোগ এনে অসিতের বিরুদ্ধে আগেই পুলিশে মামলা করেছিলেন ‘প্রাক্তন তারকা মেহতা’ শৈলেশ লোধা। এবার ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এই প্রযোজকের বিরুদ্ধে।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এক সাক্ষাৎকারে প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পর্দার ‘মিসেস রোশন সোধি’। এই ভূমিকায় ১৫ বছর ধরে অভিনয় করে আসছিলেন জেনিফার।
অভিনেত্রী জানিয়েছেন, গত ৬ মার্চ শেষবার তারক মেহতার শুটিং করেছেন তিনি। তার কথায়, হ্যাঁ, আমি শো ছেড়ে দিয়েছি। চলতি বছর ৬ মার্চ আমি শেষবার শুটিং করি। সোহেল রমানি (প্রোজেক্ট হেড, তারক মেহতা) এবং এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বজাজের হাতে চরম অপমানিত হয়ে আমি বাধ্য হই সেট ছেড়ে বেরিয়ে আসতে। আমাকে অপদস্থ করা হয়েছিল।
অভিনেত্রীর কথায়, তারক মেহতা কা উলটা চশমার সেট পুরোপুরি ভাবে ‘পুং শ্রেষ্ঠত্বে বিশ্বাসী’ লোকজনে ভরপুর।
জেনিফার বলেন, শেষদিন আমি যেদিন শুট করি, ওটা ছিল হোলির আগের দিন এবং আমার বিবাহবার্ষিকী। অনেক আগে থেকে আমি অর্ধেক দিনের ছুটি চেয়ে রেখেছিলাম। এটাও বলেছিলাম অন্তত ২ ঘন্টার জন্য আমাকে ব্রেক দিতে। সব পুরুষ অভিনেতাদের মনমর্জি মতো ছুটি দেয়া হল, কিন্তু আমার অনুরোধ সত্ত্বেও আমাকে ছাড়ল না। আমি প্রতিবাদ জানাতেই সোহেল আমার সঙ্গে দুর্ব্যবহার করে, চারবার চিৎকার করে বলে- ‘বেরিয়ে যাও’। এরপর যতীন আমার গাড়ি আটকানোর চেষ্টা করে, সব সিসিটিভিতে রেকর্ড হয়েছে।
অভিনেত্রী জানান, এরপরই শো ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে নির্মাতাদের থেকে নোটিশও পেয়েছেন। তাতে বলা হয়েছে যে, তিনি আচমকা শুটিং ছাড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্চে তাদের। তবে তিনি তাদের স্পষ্ট জানান, ‘কর্মক্ষেত্র যৌন হেনস্থার শিকার আমি, তাই কাজ করব না।
তিনি বলেন, আমি আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিই। গত ৮ই এপ্রিল আমি অসিত মোদী, সোহেল রামানি এবং যতীন বজাজকে নোটিশ পাঠাই।