৬ মে ২০২৩
ডেস্ক রির্পোট : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিলেটের প্রতিটা জায়গায় প্রার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া চেয়ে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারনে নেমেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। এর কয়েক মাস আগে থেকেই সিলেট মহানগর ছেয়ে গিযে ছিলো মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-তোরণ-ফেস্টুনে ঢাকা পড়ে ছিলো মহানগরের ৪২টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা।
শনিবার সকাল ১১টার দিকে সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন অফিস থেকে ৪টি টিম শহরের বিভিন্নস্থানে অপসারন অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এছাড়াও টিমে রয়েছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার থেকে অপসারন অভিযান শুরু করা হয়েছে। এতে পুলিশ, আনসার, সিটি করপোরেশন সহযোগীতা করছে। এই অভিযান অব্যাহত থাকবে। এরআগে শহরের মাইকিং করা হয়েছে। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে জেল-জরিমানা ও ঐ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।’
তিনি আরো জানান, নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের প্রচারণা সামগ্রী নিজ খরচে সরিয়ে নিতে নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন। প্রার্থিতা দাখিলের আগে এসব প্রচারণা সামগ্রী না সরালে নগর কর্তৃপক্ষ কিংবা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। তবে কয়েক মাস আগে থেকেই নগরী ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে। গত এপ্রিলে নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারণাসামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরপরই ইসি এক নির্দেশনায় নগর থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করতে বলা হয়। এই আদেশ অনেকটা তোয়াক্কা না করেই প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা।