৪ মার্চ ২০১৮


স্বপ্ন ডানা মেলেছে ‘ইলেকট্রনিক্স সিটি’র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমন্তবর্তী এক জনপদ কোম্পানীগঞ্জ। পাথর আর পর্যটন খাত নিয়ে এই অঞ্চলের পরিচিতি গোটা দেশ জুড়ে। তবে যতোটা আয়োজনের সাথে এই অঞ্চলের পরিচিতি ঠিক ততোটাই যেনো অবহেলিত এই জনপদের লোকজন। রাস্তাঘাট আর নানান সুযোগের অভাবে সিলেটের আর সব অঞ্চল থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে তারা। অনেকদিন পর এবার কিছুটা হলেও আলোর ঝিলিক দেখা যাবে অদ্ভুত এক অন্ধকারে ঢেকে থাকা এই অঞ্চলের আকাশের গায়ে।

এবার দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি হচ্ছে এখানে। প্রায় ১৬২.৮৩ একর জমির ওপর গড়ে তোলা হবে এটি। ৫০ হাজার লোকের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে গড়ে উঠছে এই সিটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলার বর্ণি এলাকায় নির্মাণ করা হচ্ছে। এখানে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্য, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রভৃতি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে বিদেশেও। ফলে জাতীয় রপ্তানি আয়েও ভূমিকা রাখবে এই ইলেকট্রনিক্স সিটি।

ইতিমধ্যেই প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন, সিলেট-কোম্পানীগঞ্জ প্রধান সড়ক থেকে প্রকল্পে প্রবেশের জন্য বিদ্যমান খালের ওপর একটি ক্যাবল ব্রিজ নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা, গ্যাসলাইন স্থাপন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণ করা হচ্ছে প্রায় ৩১ হাজার বর্গফুটবিশিষ্ট দৃষ্টিনন্দন একটি আইটি বিজনেস সেন্টার। সম্প্রতি এই সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ ব্যাপারে প্রকল্পের পরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার জানান, বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) সিলেট ইলেকট্রনিক্স সিটি নির্মাণকাজ করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হতে পারে।

 

(আজকের সিলেট/৪ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন