২৭ ফেব্রুয়ারি ২০১৮
আজকের সিলেট ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানিতে আইনজীবী হিসেবে অংশ নেয়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
তাকে অনুরোধ জানাতে মঙ্গলবার সকাল ১১টায় মতিঝিলের টয়োটা টাওয়ারে তার ল’ চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার আবদুর রেজাক খান ও আমিনুল ইসলামসহ কয়েকজন আইনজীবী।
জবাবে বিএনপি নেতাদের এ অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ড. কামাল। তবে খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি থাকবে বলে বিএনপির আইনজীবীদের জানান তিনি।
ওই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ কয়েকজন এসেছিলেন স্যারের কাছে (ড. কামাল হোসেন)। স্যার জানিয়েছেন, তিনি এখন ক্রিমিনাল কেস করেন না। এটা তিনি কম বোঝেন, তবে খালেদা জিয়ার প্রতি তার সিমপ্যাথি (সহানুভূতি) থাকবে।
খালেদা জিয়ার আপিল মামলায় প্যানেল আইনজীবীদের অন্যতম সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, এই মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সিনিয়র কাউন্সিল হিসেবে নিযুক্ত আছেন। তবে এরপরেও দল চাইলে যে কোনো আইনজীবীকে নিয়োগ দিতে পারে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার আরেক আইনজীবী বলেন, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আমরা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা আইনি বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেছি। তিনি একটি ফাইল দেখবেন বলেও রেখে দিয়েছেন।
তবে ড. কামাল হোসেন খালেদা জিয়ার আপিল শুনানিতে অংশ নেবেন কী না, তা জানতে চাইলে কোনো উত্তর দিতে রাজি হননি ওই আইনজীবী।
(আজকের সিলেট/২৭ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)