৩০ এপ্রিল ২০২৩
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো। কোষাধ্যক্ষ হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর পর্যন্ত।
অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ইউনিটের বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন। তিনি প্রথম নারী ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। একাধারে তিনি সমাজকর্ম বিভাগের প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পেয়েছেন।
এর আগে তিনি সিন্ডিকেট সদস্য, ছাত্রী হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন প্রশাসনিক পদ এবং সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন।