৩০ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজারের মতো।অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি। সিলেট জেলায় ৫৯ টি কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একচল্লিশ হাজার। এর মধ্যে ছাত্র সতেরো হাজার ও ছাত্রী চব্বিশ হাজার।
রোববার সকাল ১০ টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ এবং ২০২১ সালে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়, তখন সিলেবাস কমিয়ে এসব পরীক্ষা নেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় অধিকাংশ অনিয়মিত ও ফেল করা পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার ফলে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
সিলেট বিভাগ থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৩১টি প্রতিষ্ঠানের ১ লাখ ১০ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪৫ হাজার ৫৯৮ জন ছাত্র এবং ৬৪ হাজার ৮০৪ জন ছাত্রী। এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে ৬ হাজার ১৮৬ জন কমেছে।
গত বছর এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছিল ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন।
এদিকে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে পরীক্ষা বিঘ্নিত হয় এরূপ কোনো রাজনৈতিক কর্মসূচি, সভা, সমাবেশ ইত্যাদির অনুমোদন দেওয়া যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে।