২৮ এপ্রিল ২০২৩
ফাইল ছবি
অতিথি প্রতিবেদক : রোববার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সিলেট বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৩১টি প্রতিষ্ঠানের এক লাখ ১০ হাজার ৩০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৫৫২ ও ছাত্রী ৬৪ হাজার ৭৫২ জন। মোট কেন্দ্র থাকবে ১৮৯টি। এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে ৬ হাজার ১৮৬জন কমেছে।
এসএসসি পরীক্ষাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ভিজিল্যান্স টিম ও স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ এবং ২০২১ সালে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। পরিস্থতি যখন কিছুটা স্বাভাবিক হয় তখন সিলেবাস কমিয়ে এসব পরীক্ষা নেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় অধিকাংশ অনিয়মিত ও ফেল করা পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার ফলে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সারাদেশের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডের অধীন ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা।
এবার সিলেট বিভাগে ১ লাখ ১০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছেন। যার মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৫২ জন এবং মেয়ে ৬৪ হাজার ৭৫২ জন। গত বছর এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছিলেন ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন। এবার বিভাগের ১৮৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। যেখানে সিলেটে ৫৯, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৩টি কেন্দ্র রয়েছে। বিভাগের ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেবেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, সিলেটে অন্য বিভাগের শিক্ষার্থী থেকে মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেশি। মানবিক বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ৯৩৭ জন, বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ২২৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ১৪১ জন শিক্ষার্থী রয়েছেন। এবার সবকটি বিষয়ে তিন ঘণ্টা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আধাঘণ্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে এসে ঢুকতে হবে। মোবাইল বা কোন ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে না। কেন্দ্র শুধুমাত্র সচিব স্মার্টফোন বা ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় সিলেটে পাসের হার বেশি ছিল, যেখান অনিয়মিত ও ফেল করা পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি ছিল। তাই চলতি বছর অনিয়মিত-ফেল পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় সিলেটে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ১৮৬ জন। তবে এটা অস্বাভাবিক কিছু নয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এবার সিলেট জেলায় মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৩৯৪ জন যাদের মধ্যে ছেলে ১৭ হাজার ২৬৭ জন ও মেয়ে ২৪ হাজার ১২৭ জন, হবিগঞ্জে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৫২৮ জন যাদের মধ্যে ছেলে ৮ হাজার ৩৭৫ জন ও মেয়ে ১২ হাজার ৬৫৩ জন, মৌলভীবাজারে পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭১১ জন যাদের মধ্যে ছেলে ৯ হাজার ৮৩০ জন ও মেয়ে ১৪ হাজার ৮৮১ জন এবং সুনামগঞ্জ জেলায় মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬৭১ জন যাদের মধ্যে ছেলে ১০ হাজার ৮০ জন ও মেয়ে ১৩ হাজার ৫৯১ জন রয়েছে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ১৮ হাজার ৩৭৬ জন। যার মধ্যে ছেলে ৭ হাজার ৯৩২ জন এবং মেয়ে ১০ হাজার ৪৭৪ জন রয়েছেন।