২৫ ফেব্রুয়ারি ২০১৮


সুবিধবাজারে বাসা থেকে ডেকে এনে যুবককে হত্যা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর সুবিদ বাজারে বাসা থেকে ডেকে এনে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিমুল দেব (৩২) সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।

শনিবার রাত দুইটার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

শিমুলের প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দুই পক্ষে মারামারি হয়। এর জেরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে।

স্থানীয় দিঘির পাড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম বলেন, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানান দস্তিদার দিঘির ঘাটের মধ্যে হেলান দেওয়ানো অবস্থায় একটি মরদেহ ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পরে স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেনও ঘটনাস্থলে আসেন।

বিমানবন্দর থানার ওসি মোশররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

 

(আজকের সিলেট/২৫ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন