২৫ এপ্রিল ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুনা (হাজীপুর) গ্রামে ফিশারিতে মরা মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সানোয়ার হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সানোয়ার বরুনা (হাজীপুর) এলাকার মো. মোশাহিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার সকালে কালাপুর ইউনিয়নের সাবেক সংসদ সদস্য মরহুম মো. শফিকুর রহমানের মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য মরহুম মো. শফিকুর রহমানের মৎস্য খামার লিজ নিয়ে মাছচাষ করছেন স্থানীয় কয়েকজন। মাছ চুরি ঠেকাতে খামারের চারপাশে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য তার ফেলে রাখা হয়। সকালে সানোয়ারসহ কয়েকজন সেখানে মরা মাছ ধরতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর ডায়রি করা হয়েছে।