১৮ এপ্রিল ২০২৩
আজকের সিলেট ডেস্ক : আজ মঙ্গলবার, সম্ভাব্য পবিত্র লাইলাতুল কদর। এদিন সন্ধ্যার পর থেকে শুরু হবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ইসলামে কদরের রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে বান্দা ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারে।
রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা আজ দিনগত রাতে মসজিদসহ বাসাবাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন।