২০ ফেব্রুয়ারি ২০১৮


শাবিতে ভাষা দিবসের বক্তা বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক, ছাত্রলীগের বর্জন

শেয়ার করুন

শাবি  প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসের আলোচনা সভার প্রবন্ধ উপস্থাপক বিএনপি-জামায়াতন্থী শিক্ষক হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু সাইদ আকন্দ এবং শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাজিদুল ইসলাম সবুজ লিখিতভাবে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জনের কথা জানান।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: ফয়সাল আহম্মদকে ভাষা দিবসের মূল আলোচনা অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক হিসেবে মনোনিত করেছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’; যিনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

প্রবন্ধ উপস্থাপক বিএনপি-জামায়াতন্থী শিক্ষক হলেও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’র সভাপতি হচ্ছেন আওয়ামীপন্থী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।

লিখিত বক্তব্যে বলা হয়, “ভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের নেতাকে মূল প্রবন্ধ উপস্থাপক করা হয়েছে; যা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির শাসনামলে একটি বিরল ঘটনা। এই শিক্ষক নানা সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও আওয়ামীপন্থী শিক্ষক এবং ছাত্রলীগকে হয়রানি করেছেন।

“ এমনকি সরকার বিরোধী কর্মকান্ডে সক্রিয় থাকার স্পষ্ট প্রমান রয়েছে তার বিরুদ্ধে। তিনি জামায়াতের সাথে আঁতাত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কার্যকলাপে সদা সক্রিয়। নির্বাচনের বছরে বিএপনিপন্থী শিক্ষককে দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করানোতে শাখা ছাত্রলীগ ক্ষুব্ধ, মর্মাহত ও লজ্জিত। তাই আমরা এ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”

বিএপনিপন্থী শিক্ষককে দিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আয়োজক কমিটির দেউলিয়াপনাই প্রকাশিত হয় বলে লিখিত বক্তব্যে দাবি করেন ছাত্রলীগের নেতারা।

এ বিষয়ে জানার জন্য ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’র সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিটিং এ আছি। পরে কথা বলবো।

শেয়ার করুন