৯ এপ্রিল ২০২৩


কুশিয়ারা নদীতে গোসলে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে দিরেশ দাস (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের মৃত রমেশ দাসের ছেলে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে এঘটনা ঘটে। এদিকে ঘটনার ৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি ওই বৃদ্ধকে।

বাদেপাশা ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান- রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঘাস পরিস্কার করতে স্ত্রীকে সাথে নিয়ে কুশিয়ারা নদীতে যান তিনি। ঘাস পরিস্কার শেষে নদীতে গোসল করতে লাগলে হঠাৎ শরীরে অসুস্থতাবোধ করেন। এসময় সাথে সাথে তিনি নদীতে তলিয়ে যান। স্ত্রী চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। পরবর্তীতে তার স্ত্রী বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে অনেক খুঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে কুশিয়ার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসে জানানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ঘটনাস্থলে যায়নি।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহাগ মিয়া বলেন, আমরা খবর পেয়েছি তবে আমাদের ডুবুরি দল না থাকায় আমরা যেতে পারিনি।

শেয়ার করুন