৮ এপ্রিল ২০২৩
শাহিদ হাতিমী : নেকির দিনগুলি ফুরিয়ে যাচ্ছে। আজ ১৬তম রামজান। রোজা হলো গোনাহ মাফ করানো বা মাগফিরাত লাভের একটি সুনিশ্চিত ব্যবস্থা। অতি নির্ভরযোগ্য এক সুযোগ। কিন্তু যে বা যারা এ সুযোগের সদ্ব্যবহার না করে, তার ধ্বংস অনিবার্য; তার বিপদ অবশ্যম্ভাবী। ইমাম বোখারি রহ. রচিত আল মুফরাদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরাইল আ. এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে রামজান মাস পাওয়ার পরও নিজের গোনাহ মাফ করিয়ে নিতে পারল না। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমিন’। আরেক হাদিসে এসেছে- যে ব্যক্তি রামজান মাস পেল, কিন্তু এ মাসেও তাকে ক্ষমা করা হলো না; সে আল্লাহ তায়ালার রহমত থেকে চিরবঞ্চিত ও বিতাড়িত, (মুসতাদরাকে হাকিম)।
রোজাদারের মুখের গন্ধ দূর করতে মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রোযা অবস্থায়ও মিসওয়াক করা সুন্নাত। এমনকি কাঁচা ডাল দ্বারাও মিসওয়াক করা যায়। আমির ইবনে রাবীয়া রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রোযার হালতে অসংখ্যবার মিসওয়াক করতে দেখেছি। (সহীহ বুখারী ১/২৫৯; মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০০)। হাসান রাহ. কে রোযা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘রোযা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই। মিসওয়াক পবিত্রতার মাধ্যম। অতএব দিনের শুরুতে এবং শেষেও মিসওয়াক করো।’ (মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০২)। ইবরাহীম রাহ. বলেন, ‘রোযা অবস্থায় দিনের শুরু ও শেষে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই।’ (প্রাগুক্ত ৪/২০৩)।
মানবেতিহাসের বিস্ময়কর এক যুদ্ধের নাম বদর। আগামীকাল ১৭ রামজান সেই ঐতিহাসিক দিন।
ঐতিহাসিক বদর আমাদের ঈমানী চেতনায় শান দেওয়ার দিন। পরবর্তী পর্বে ঐতিহাসিক বদও নিয়ে আলোকপাত কর হবে। ১৬ তম রোজার মধ্য দিয়ে আজ আমরা সিয়াম সাধনায় ব্রত। রামজানে মাগফিরাতের দশকে ক্ষমা লাভের একটি দোয়া আমরা বেশি বেশি করতে পারি। তা হলো, আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়্যা ফি-হিল ইহসান; ওয়া কাররিহ ফিহিল ফুসুক্বি ওয়াল ই’সইয়ান; ওয়া হাররিম আলাইয়্যা ফি-হিস সাখাত্বা ওয়ান নিরানা বিআ’ওনিকা ইয়া গিয়াছাল মুসতাগিছিন। অর্থ : হে আল্লাহ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও। আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী!
(লেখক : জ্যেষ্ঠ সহসম্পাদক, আজকের সিলেট ডটকম)