১৮ ফেব্রুয়ারি ২০১৮

আজকের সিলেট ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ২টি বন্দুকের কার্তুজ, ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকুনা থেকে তাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ বাদি পৃথক দুটি মামলা দায়ের করেছে।
আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র দোলাল আহমদ (২৯), জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র ইসলাম উদ্দিন (৩৯), বড়লেখা উপজেলার বোবারতল সাতঘরি গ্রামের আব্দুল মতিন নানুর পুত্র মাহমদ হোসেন (২১), হবিগঞ্জ উপজেলার উচাইল গ্রামের আলী হোসেনের পুত্র আমিরুল মিয়া (৩৩) ও একই গ্রামের মৃত ওয়িছত উল্লাহর পুত্র বাছির মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত উপজেলার বাদেপাশার আছিরগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আমকুনা হাওরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম, এসআই শংকর চন্দ্র দেব ও এএসআই সুমন চন্দ্র গোপ সহ একদল পুলিশ বাদেপাশার আমকোনা হাওরে অভিযান চালালে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে ১টি এলজি, ২টি বন্দুকের কার্তুজ, ডাকাতির সরঞ্জামাদিসহ আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি যথাক্রমে ১১ ও ২২, তারিখ-১৭-০২-১৮।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ অপর ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।
আজকের সিলেট /এস আর/ঘ.