৬ এপ্রিল ২০২৩


মাগফেরাতের চতুর্থ দিন : অবহেলায় যেনো রবের অনুগ্রহ থেকে বঞ্চিত না হই

শেয়ার করুন

শাহিদ হাতিমী : মহান আল্লাহর অপার করুণায় আজকে আমরা ১৪তম রোজা রেখেছি। মাগফিরাতের দশকের আজ ৪র্থ দিন। মাগফিরাতের এ দশকে রমজান মাসের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ও মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। আল্লাহ তায়ালা অসংখ্য-অগণিত মানুষকে এই দশকে ক্ষমা করবেন। তবে যারা রমজানের এই কল্যাণময় সময়গুলোও অবহেলা ও উদাসীনতায় দূরে ঠেলে দেয় তারাই বঞ্চিত থাকে আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে। রমজানের এ দশকে আমরা মাগফিরাত থেকে বঞ্চিত হতে চাই না।

রোজা, কোরআন তিলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, দান-সদকা, তওবাহ, ইস্তেগফার, দোয়া, দরুদসসহ পূণ্যকর্মের মাধ্যমে মুমিন বান্দাদের পাপ ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ পবিত্র মাহে রামজনুল মোবারক। হজরত আবু হুরায়রা রা. বলেন, রমজান মাস লাভকারী ব্যক্তি যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোজা, তারাবি ও অন্যান্য আমল) পালন করে, তার প্রথম পুরস্কার এই যে, সে রামজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। (মুসলিম : ৮৯৬৬)।

হজরত রাসুলে কারিম সা. এরশাদ করেন, রামজান মাসে সিয়াম পালন পূর্ববর্তী রমজান থেকে কৃত গুনাহসমূহকে মিটিয়ে দেয়; যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়’। (মুসলিম : ২৩৩)। হজরত রাসুলুল্লাহ সা. এরশাদ করেন, ‘রামজান মাসে সিয়াম পালন বছরের দশমাস সিয়াম পালন তুল্য’। (মুসলিম : ১১৬৪)।

রাসুলুল্লাহ সা. বলেন, যে ব্যক্তি রামজান মাস পেলো, কিন্তু এই মাসেও তাকে ক্ষমা করা হলো না সে আল্লাহতায়ালার রহমত থেকে চিরবঞ্চিত ও বিতাড়িত। (মুসতাদরাকে হাকিম : ১৭০)। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা আদায় করবে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেয়া হবে। (মুসলিম : ৫২৩) নবীজি সা. বলেন, ‘যে ব্যক্তি খাটি ঈমান ও ইখলাসের সঙ্গে রমজানের রাতে (তারাবিতে) দাঁড়িয়ে যাবে আল্লাহ তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেবেন।’ (মুসলিম : ৫২৩)।

মাগফিরাতের এই দশকে আমরা বেশি বেশি করে তওবাহ, ইস্তেগফার, কোরআন তিলাওয়াত, দান সদকা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। মাগফিরাতের এই দশকে মহান আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করে দিন। আমিন। আসুন, একে অপরের কল্যাণ চাই, মাগফেরাতের জন্যও দোয়া করি।

(লেখক : জ্যেষ্ঠ সহসম্পাদক, আজকের সিলেট ডটকম)

শেয়ার করুন