২৭ মার্চ ২০২৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক কিশোরকে মসজিদে আসতে নিষেধ করাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে ইফতারের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে উভয়পক্ষের আহতদের মধ্যে অন্তত ৬ জনকে গুরুতর আহত অবস্থায় রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তাজিদুল ইসলাম (২৫), জুবায়ের আহমদ (২১), রমজান (২২), মঈন উদ্দিন (৩৫), আব্দুর রহিম (৪৫) ও জিল্লিল (২৮)। বাকিরা ছাতকের কৈতক হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে রবিবার আছরের নামাজে এক পক্ষের এক কিশোরকে মসজিদে আসতে নিষেধ করেন প্রতিপক্ষের লোকেরা। বিষয়টি নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে এবং বিকাল সাড়ে ৫টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায় এবং পুলিশ মোতায়েন করে রাখা হয়।
ছাতক থানার ওসি খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে উভয়পক্ষের লোকেরাই আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।