২৩ মার্চ ২০২৩


পীরেরচকে যুবক খুন : মাহমুদ গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শাহপরানের পীরেরচকে যুবক খুনের ঘটনায় মাহমুদ গ্রেফতার প্রতিপক্ষের ভেকুর আঘাতে যুবক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহমুদ হোসেন (৪৫) পীরেরচক কুশিরগুল গ্রামের বাসিন্দা।
এসএমপি’র শাহপরান থানার এসআই মনির বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করেছেন।
গত রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পীরেরচক বাজার এলাকায় ঝুকিপূর্ণ টিলায় মাটি কাটাকে কেন্দ্র করে মাটি কর্তনকারীদের ভেকুর আঘাতে পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (৩৪) নিহত হন।
এ ঘটনায় আশিক মিয়ার ছোট ভাই মাশুক মিয়া বাদী হয়ে ৩ জনকে এজাহারভুক্ত আসামী করে শাহপলাণ থানায় একটি হত্যা মামলা (নং ১৭ (০৩)২৩)। করেন। আসামীরা হচ্ছে-পীরেরচকের মনহর আলি মনু মিয়ার ছেলে ইসরাব আলী ও মাহমুদ হোসেন এবং একই এলাকার খুরশেদ আলম। ঘটনার পর আসামী ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫) পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তদের সাথে আশিকের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে দীর্ঘদিনের। রোববার সকালে বিরোধপূর্ণ জায়গায় অভিযুক্তরা ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করেন। এসময় আশিক প্রতিবাদ করলে উভয়পক্ষের মাঝে ঝগড়া শুরু হয় এবং একপর্যায়ে ভেকুর আঘাতে তার প্রাণহানি ঘটে।
এজাহার নামীয় এই তিনজন ছাড়াও আরো দুইজনসহ মোট ৫জন জড়িত ছিল বলে দাবি করেছেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার কবিতা। স্ত্রী কবিতার অভিযোগ, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি ৫ জনের নাম দিয়ে থানায় এজাহার দিলেও সেটা গ্রহণ না করে অজ্ঞাত কারণে ঘটনাস্থলে অনুপস্থিত ও দুরে অন্য বাসায় থাকা তার দেবর মাশুক মিয়াকে বাদী করিয়ে মামলাটি রুজু করা হয়েছে। তিনি এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন