২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের শাহী ঈদগাহস্থ অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ডে গরু জবাই নিয়ে শ্রমিকদের দুপক্ষে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। এ নিয়ে তীব্র পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন রমজান উপলক্ষে শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা নিজেদের মধ্যে চাঁদা তুলে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জবাই করার জন্য তারা একটি গরু কিনে নিয়ে আসেন । এসময় একটি বিষয় নিয়ে স্ট্যান্ডের রিপন ও আলমগীর নামের দুই শ্রমিকের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আলমগীর ফোন করে বহিরাগত ১৫-২০ জনকে নিয়ে এসে রিপনের উপর হামলার চেষ্টা করেন।
এসময় বিরোধ মেটাতে সেখানে উপস্থিত থাকা শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে (৩৮) ছুরিকাঘাত করা হয়। এছাড়াও দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং একটি কার ভাঙচুর করা হয়। খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহত আনোয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা আর যাতে না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তাদের দুপক্ষের মাঝে এখন সমঝোতার চেষ্টা চালাচ্ছেন পরিবহন শ্রমিক নেতারা।