১৯ মার্চ ২০২৩


চিত্রনায়িকা মাহি : দুপুরে গ্রেফতার, বিকেলে মুক্তি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ একজোড়া মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণের সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে চিত্রনায়িকা মাহিয়া মাহি মুক্তি পেয়েছেন। তাকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) বিকেলে গাজিপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন তাকে জামিনে মুক্তির আদেশ দেন। অন্তঃসত্ত্বা ও সেলিব্রেটি হওয়ার বিষয়টি বিবেচনায় এনে জামিনে মুক্তির এ আদেশ দেন বলে জানান মাহি’র নিযুক্তীয় আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার। তিনি বলেন, তার মোয়াক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরই দেশে চলে এসেছেন।

এর আগে ফেইবুক লাইভে রাষ্ট্রসংস্থা পুলিশের জিএমপি কমিশনারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার দুপুরে ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজিপুর মেট্রোপলিন (জিএমপি) পুলিশ। ওইদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি ওমরাহ করে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে এসে পৌঁছান। গ্রেফতারের পরই তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। লাইভে তিনি জিএমপি কমিমনারের বিরুদ্ধে মানহানীকর তথ্য প্রচার করেন বলে পুলিশ জানায়। এ জন্য শনিবার ভোরেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর পরই দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার ও তার স্বামীর বিরুদ্ধে জনৈক ইসমাইল হোসেন ভূমি দখল সংক্রান্ত অভিযোগে আরেকটি মামলা করেন। উভয় মামলায় গ্রেফতার করার সাড়ে ৩ ঘন্টার ব্যবধানে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

শেয়ার করুন