১৯ মার্চ ২০২৩


শাহপরাণে এস্কেভেটরের আঘাতে শ্রমিক হত্যার অভিযোগ : পলাতক ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মাটি কাটার মেশিন (এস্কেভেটর/ভেকু) দিয়ে এক শ্রমিক হত্যার অভিযোগ উঠেছে। সিলেট সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাটি কাটার মেশিন দিয়ে ওই শ্রমিকের বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বরে অভিযোগ করা হয়েছে।

নিহত আশিক মিয়া (৩৪) পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তাঁর সহকর্মী দুই শ্রমিক পলাতক রয়েছেন। এ ঘটনায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন- এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। স্থানীয়রা আশিকের দেহ ওই জায়গায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আশিকের দুই সহকর্মী পলাতক রয়েছেন। তারা হলেন- পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫)।

ওসি আরো জানান- মামলায় এ দুজন ছাড়াও এলাকার খুরশেদ আলম (৩৫) নামের একজনকে আসামি করা হয়েছে। তাদের মাঝে আসলে কী হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- এটি খুনের ঘটনা। আশিকের বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয় জানতে কাজ করছে পুলিশ। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আনিসুর রহমান।

শেয়ার করুন