১৪ মার্চ ২০২৩


তাহিরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : আটক ১

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোহাম্মদ আব্দুল হাই (৭০) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামের মৃত সামাদ আলীর পুত্র। মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যারাতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অ।ভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

আটক আনফর আলী (৩০) একই ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মো. রইছ মিয়ার ছেলে । স্থানীয় সূত্র জানায়, রবিবার (১২ মার্চ) সকালে নিহত আব্দুল হাইর জামাতা ফারুক মিয়া একটি অটো রিকশা নিয়ে শ্বশুর বাড়িতে যান। এসময় শ্বশুর বাড়ির পাশ্ববর্তী হেকিমের ঘরের টিনের বেড়ার মধ্যে অটোরিকশা লেগে একটু ভেঙে যায়। এই নিয়ে ক্ষতিপূরণ দাবি করেন হেকিম মিয়া ও তার স্ত্রী। তখন ফারুক মিয়া একটি নতুন টিন এনে দেওয়ার আশ্বাস দিয়ে চলে যান।

পরে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঘরের টিন এনে না দেওয়ায় নিহতের মেয়ে আছমা ও হেকিমের স্ত্রীর মধ্যে কয়েক দফা ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে হেকিমের ফুফাতো ভাই আনফর আলী উত্তেজিত হয়ে আছমাকে মারপিট করতে থাকে। এসময় আছমার চিৎকার শুনে তার বৃদ্ধ পিতা আব্দুল হাই ও তার ভাই আক্তার হোসেন এগিয়ে আসলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে বৃদ্ধ আব্দুল হাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারের পল্লী চিকিৎসক হাফিজ উদ্দিনের কাছে নিয়ে আসলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পুলিশ ডাঃ হাফিজ উদ্দিন কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছিল বলে জানান তিনি।

শেয়ার করুন