১২ মার্চ ২০২৩


আধিপত্যের লড়াইয়ে ‘মুক্তাদিরের বিজয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিএনপির নিয়ন্ত্রণ নিয়ে দলের অভ্যন্তরে অদিপত্য বিস্তারের ঠাণ্ডা লড়াইয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে হেরে গেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সবশেষ মহানগর বিএনপির কাউন্সিলর তৃণমূলের ভোটে খন্দকার মুক্তাদির বলয়ের একচেটিয়া বিজয়ের পর সিলেট বিএনপির উপর থেকে পুরোপুরী নিয়ন্ত্রণ হারিয়েছেন নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী।

জানা যায়, মহানগর বিএনপির সম্মেলনের তফসিল ঘোষনার পর নিজ বলয়ে দলীয় নিয়ন্ত্রণ নিতে নেপথ্যে কলকাঠি নাড়ছেন বিএনপির এই প্রভাবশালী দুই নেতা। মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে মাঠে সক্রিয় ছিলেন খন্দকার আবদুল মুক্তাদির। নাসিম হোসাইনকে বিজয়ী করতে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে নির্বাচন থেকেও সরিয়ে দেয়া হয়। অপরদিকে সভাপতি পদে মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে বিজয়ী করতে মাঠে সক্রিয় ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

মহানগর বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতার মতে, মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে সরকারের সাথে আতাত করার কারনে ধীরে ধীরে দলের অভ্যন্তরে তার উপর থেকে আস্তা হারাতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। কাউন্সিলে এর খেসারতই দিতে হয়েছে তার বলয়ের প্রার্থীদের।

উল্লেখ্য, সিলেট বিএনপির নিয়ন্ত্রণ নিতে জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু সেই যাত্রায় তিনি সফল হননি। সম্মেলনে পরাজয় আচ করতে পেরে শেষ মূহুর্তে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়ান।

এর পর তিনি মিশন শুরু করেন মহানগর বিএনপি নিয়ে। তিনি মনে করেছিলেন দীর্ঘ দিন থেকে মেয়র থাকার কারনে নগরীর ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা তার উপর আস্তা রাখতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত আস্তাহীনতায় নগর বিএনপির উপর থেকেও নিয়ন্ত্রণ হারালেন তিনি।

শেয়ার করুন