১০ মার্চ ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনামগঞ্জের দোয়ারা বাজারে মামাতো ভাইয়ের উপর্যুপরি দায়ের কোপে ফুফাতো ভাই নিহত হয়েছেন। নিহত আব্দুল খালিদ (৩৫) ওই গ্রামের বাসিন্দা ময়না মিয়ার ছেলে। ঘাতক সুমন মিয়াও (২৬) একই গ্রামের আব্দুন নুরের ছেলে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। পুলিশ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে।
শুক্রবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলায় বাংলাবাজার ইউনিয়নের উপতিংয়েরগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দোয়ারাবাজার উপজেলায় বাংলাবাজার ইউনিয়নের উপতিংয়েরগাও গ্রামের আব্দুল খালিদ ও সুমন মিয়ার মধ্যে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আব্দুল খালিদ ও সুমন মিয়া পারিবারিকভাবে বিচার সালিশে বসে। সালিশ বৈঠক চলাকালেই সুমন মিয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা দা (বটি) দিয়ে আব্দুল খালিদকে কোপাতে থাকেন। এতে আব্দুল খালিক গুরুতর আহত হন। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দোয়ারবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে আব্দুল খালিদের অবস্থার অবনতি হলে তাকে রাত ২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আটকদের থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।