২ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী বলেছেন, আদর্শ মানুষ হওয়ার মাধ্যমেই জীবন সফল হয়। এই সাফল্য লাভের জন্য নিজেদের শারীরিক ও মানসিক বিকাশের দিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যাবলিতে সম্পৃক্ত রাখলে তাদের মধ্যে দক্ষতা, মনোবল, সাহস ও সৃজনশীলতা বৃদ্ধি করবে। এটি তাদের জীবনকে সফল করতে সহায়ক ভূমিকা পালন করবে।
সানিহিল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সানিহিল স্কুল এ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নগরীর উপশহরস্থ প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য এ কে এম বদরুল আমিন হারুন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সানিহিল স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল শাহানারা চৌধুরী। অনুষ্ঠানে যৌথভাবে উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ জুনায়েদ হিজবুল্লাহ এবং মো. আশরাফ উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।