২৫ ফেব্রুয়ারি ২০২৩
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে একটি দোকানে চুরি করে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাছির মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাছির একই জেলার মাধবপুর উপজেলার ভেঙ্গাডোবা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানের চালে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় ওই দোকান থেকে নগদ টাকা ও সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি করে বাছির। পরে তিনি দোকানের চালে উঠে পালানোর সময় উপরে থাকা বিদ্যুতের লাইন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চুরি করা মালামাল জব্দ করা হয়েছে।