২৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, আমাদের কাজ বলাবলি করা আর মিডিয়ার কাজ এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ বলতেই প্রচার প্রসার চায়। সিলেটসহ দেশব্যাপী যেভাবে দৈনিক প্রিন্ট পত্রিকা সিলেটের ডাকের একটা পরিচিতি রয়েছে একইভাবে অনলাইনে পুরো সিলেটসহ বিশ্বজুড়ে আজকের সিলেট ডটকমের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমি মোবাইলে এই আজকের সিলেট পড়ি। আমি এ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। মানুষ এখন আপডেড তথ্য চায়, আর এই আপডেট তথ্যই সরবরাহ করে অনলাইন মিডিয়া। প্রিন্ট এবং অনলাইন মিডিয়া একে অন্যের পরিপূরক। শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন মিডিয়া প্রভাব বিস্তার করেছে।
শুক্রবার বিকেলে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কাইয়ূম চৌধুরী প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি, সিলেটবাসীর অভিভাবক, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর ভুয়সী প্রশংসা ও নানা প্রসঙ্গ টেনে আরো বলেন- যদি আমরা উন্নত দেশ ও গণতন্ত্র চাই, তাহলে মিডিয়াকে শক্তিশালী করতে হবে। দৈনিক সিলেটের ডাক যেভাবে পুরো সিলেটের কল্যাণে অনন্য ভুমিকা রাখছে, আমি প্রত্যাশা করি- একদিন রজত-সাইফুররাও অনলাইনে বিশ্ব দরবারে সিলেটের মর্যাদা বাড়াতে সক্ষম হবে।
পত্রিকার সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি, প্রতিনিধি সম্মেলন ও কর্মশালায় বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও জেলা উপজেলা প্রতিনিধিগণ।