২৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজকে মিডিয়াবান্ধব করে গড়ে তুলতে হবে। গনতন্ত্র প্রতিষ্ঠায় মিডিয়াকে শক্তিশালী করতে হবে। গণমাধ্যমের উন্নতি সাধনে কিংবা অন্তত পক্ষে মনের ভাষা প্রকাশের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন- মানুষ এখন আপডেড তথ্য চায়, আর এই আপডেট তথ্যই সরবরাহ করে অনলাইন মিডিয়া। প্রিন্ট এবং অনলাইন মিডিয়া একে অন্যের পরিপূরক। শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন মিডিয়া প্রভাব বিস্তার করেছে।
শুক্রবার সকালে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নানা প্রসঙ্গ টেনে এমরান আহমদ চৌধুরী আরো বলেন- সাংবাদিক বা মিডিয়া ছাড়া বিশ্বের কোন দেশেই গণতন্ত্র প্রতিষ্টা লাভ করতে পারেনা। যদি আমরা গণতন্ত্র চাই, মিডিয়াকে শক্তিশালী করতে হবে। সত্য সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। সাইবার আইনের কারণে অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তাই মুক্ত সাংবাদিকতার জন্য সাইবার আইন বাতিল করা প্রয়োজন।
পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও জেলা উপজেলা প্রতিনিধিগণ।