২৪ ফেব্রুয়ারি ২০২৩


আজকের সিলেট এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর জেলা ও উপজেলা প্রতিনিধিদের জন্য দিনব্যাপী অনলাইন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেদোয়ান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, যে যে প্রেক্ষাপটেই কাজ করি কেন মা ও মাটির প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করি। যুক্তরাষ্ট্রের দু’জন সাংবাদিকের দ্বন্ধেই বিশ্বব্যাপী হলুদ সাংবাদিকতার বিস্তার হয়েছে। সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় অন্যজনকে হেনস্তা করা হয়। এই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে। আমাকে নিয়েও বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশিত হয়েছে, আমি প্রতিবাদও করিনি। অনেকেই করেন না, মুখবুঝে সহ্য করে নেন।

তিনি বলেন, একটি ঘটনার ভিতরে প্রবেশ করে মূল ঘটনাকে বের করো আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের কারণেই দেশ আজ ডিজিটাল হয়েছে। আর ডিজিটাল বাংলাদের সুফলই হচ্ছে অনলাইন নিউজপোর্টাল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ড তোফাজৃজল হোসেন মানিয়ার মত সাংবাদিকরা গণমাধ্যমে নিয়ে আসার করবে বঙ্গবন্ধু অপ্রতিরোধ্য নেতা হয়ে উঠেছিলেন। তাই দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট নিজেকে স্বকীয়তায় পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। মানুষ এখন আপডেড তথ্য চায়, আর এই আপডেট তথ্যই সরবরাহ করে অনলাইন মিডিয়া। প্রিন্ট এবং অনলাইন মিডিয়া একে অন্যের পরিপূরক। শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন মিডিয়া প্রভাব বিস্তার করেছে।

তিনি আরো বলেন, সাংবাদিক বা মিডিয়া ছাড়া বিশ্বের কোন দেশেই গণতন্ত্র প্রতিষ্টা লাভ করতে পারেনা। যদি আমরা গণতন্ত্র চাই, মিডিয়াকে শক্তিশালী করতে হবে। সত্য সংবাদ প্রকাশিত করার কারণে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। সাইবার আইনের কারণে অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তাই মুক্ত সাংবাদিকতার জন্য সাইবার আইন বাতিল করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটা সময় ছিল অনলাইন সাংবাদিকতা নিয়ে উপহাস করা হতো, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে দুরত্ব ছিল। কিন্তু এখন তা কমে গেছে। অনলাইন নিউজপোর্টালে মূহুর্তেই সংবাদ চলে যায়। অনলাইন গণমাধ্যম এক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমৃদ্ধ দেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজকের সিলেটের প্রতিটি নিউজই পড়ি। আজকের সিলেট নিজেদের কর্মদক্ষতায় পাঠকদের হৃদয়ে স্থান করেছে।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু বলেন, অনলাইন নিউজপোর্টাল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অলস করে দিয়েছে, প্রিন্ট মিডিয়ার কাজ সহজ করে দিয়েছে। তবে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কোন ভাবেই কমবে না। কারণ প্রিন্ট মিডিয়ার স্থায়ীত্ব বেশী। অনলাই মিডিয়া যেহেতু দ্রুত সংবাদ পরিবেশন করে। তাই অনলাইন সাংবাদিকদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে।

সংবাদে কোন ক্ষেত্রে কাউকে হেনস্তা করা যাবে না।
আমি আজকের সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রিন্ট পত্রিকা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে করোনাকালে তারা হুচট খেয়েছেন। এই সময়ে অনলাইন পত্রিকার পাঠক বেড়ে গেছে। আজকের সিলেট জেলার মধ্যের প্রথম নিবন্ধিত নিউজপোর্টাল। সরকার নিবন্ধন দেয়া শুরু করায় নিউজপোর্টালের দায়বদ্ধতাও বেড়ে গেছে। তাই দেশ, দেশের মানুষ ও পাঠকদের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা যদি পাঠককে সম্মান না করি, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে না পারি তাহলে পাঠক মুখ ফিরে নেবে। আমি আজকের সিলেটের সফলতা কামনা করি। আজকের সিলেট এগিয়ে যাক কাঙ্খিত লক্ষ্যে।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রতিষ্ঠানের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন- ঢাকা সাব এডিট কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক এম. জহিরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা দৈনিক সকালের সময়’র চিফ রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, আজকের সিলেট ডটকম এর প্রধান বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল ও বার্তা সম্পাদক খলিলুর রহমান।

শেয়ার করুন