৫ ফেব্রুয়ারি ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মুদির দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন মালিক। নিহত আব্দুল আহাদের (৫০) বাড়ি ওই এলাকায়।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, সোমবার ভোরে উপজেলার সিন্দুর খান ইউনিয়নের সারেরগঞ্জ এলাকার দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, রোববার রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন আহাদ। ভোর ৪টার দিকে তার দোকানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের সব মালামাল সব পুড়ে যায় বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি বলে এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
সিন্দুর খান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুলাহ আল হেলাল বলেন, কয়েল বা জ্বলন্ত সিগারেট থেকে আহাদের দোকানে আগুনের সূত্রপাত হতে পারে।
দোকানে দেড় থেকে দুই লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।
(আজকের সিলেট/৫ ফেব্রুয়ারি/ডি/এমকে/ঘ.)