২৩ ফেব্রুয়ারি ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়েগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ ও পুনঃনিয়োগ দাবি করেছেন। এ দাবিতে তারা বুধবার সকাল ১০ টায় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে এসব পদে পুনঃনিয়োগের দাবি জানানো হয়। মানববন্ধনে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী ফজলু মিয়া এবং অফিস সহায়ক পদে প্রার্থী হৃদয় মিয়া বলেন, প্রধান শিক্ষক এবং সভাপতি আমাদের সাথে অন্যায় করেছেন। তারা টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন । বক্তারা এই নিয়োগ বাতিল করে নিয়োগকৃতদের অপসারণ দাবি করেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১২ জন প্রার্থীর মাঝে মাত্র ৩ জন্ পরীক্ষায় অংশ গ্রহণ করে। কর্তৃপক্ষ বাকিদেরকে চিঠিও দেয়নি। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার দাবী জানান তারা। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়লে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বক্তব্য পাওয়া যায়নি।