২৩ ফেব্রুয়ারি ২০২৩
শেখ ইমন আহমেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে গরু চোর ধাওয়া করতে গিয়ে পিকআপ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জোবায়ের মিয়া (২১)। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের খলিল মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ভোর ৫ টার দিকে ছাতিয়াইন-রতনপুর সড়কে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার এসআই আব্দুল কাদের জানান, গতরাতে একদল অজ্ঞাত গরু চোর খড়কি গ্রামের আছকির মিয়া নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে। টের পেয়ে আছকির মিয়া চিৎকার করলে জোবায়ের মিয়াসহ প্রতিবেশীরা বের হন। গরু চোরেরা ছাতিয়াইন-রতনপুর সড়কের দিকে যাওয়ার সময় একপর্যায়ে পিকআপটিকে ধাওয়া দিয়ে আটকে ফেলে লোকজন।
এ সময় জোবায়ের লাফ দিয়ে পিকাপে উঠে পড়লে পিকাপটির চালক ও চোরেরা পিকআপ রেখে দ্রুত পালিয়ে যায়। শোরগোল শুনে ঘটনাস্থলে আসা আছকির মিয়ার ভাগ্নে পার্শ্ববর্তী গোপিনাথপুর গ্রামের খলিল মিয়া পিকাপটি চালাতে শুরু করলে দূর্ঘটনার আশংকায় পিকআপ থেকে লাফ দেন জোবায়ের। এ সময় পিকআপটি জোবায়েরের উপর দিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লোকজন এক পর্যায়ে পিকআপটিকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত গরু ও পিকআপ ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন। এ বিষয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটিকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।