২২ ফেব্রুয়ারি ২০২৩
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার আলী উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের রজব আলীর ছেলে ও গ্যানিংগঞ্জ বাজারে রুমেনা এন্টারপ্রাইজের মালিক।
বুধবার দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও পদ্মাসন সিংহ বলেন, আনোয়ার আলী সিনজেনটা কোম্পানির কীটনাশকের মোড়কে ভেজাল কীটনাশক বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালতে হাতেনাতে আটকের পর তাকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।