৫ ফেব্রুয়ারি ২০১৮


খালেদার অপেক্ষায় সিলেট বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে আজ বিভাগীয় নগরী সিলেট আসছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার সকাল ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা করেছন খালেদা জিয়া।

৪ বছর পর তাঁর আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে সিলেট বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। নির্বাচনী বছরের শুরুতে তাঁর সফরে নেতাকর্মীরা যেমন চাঙ্গা হচ্ছেন, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের জন্য সুসংগঠিত হতে সহায়ক হবে বলে মনে করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

এ কারণে খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতিও নিচ্ছেন তারা। কোন জনসভার আয়োজন না থাকলেও পুরো নগরীতে শোডাউনের মাধ্যমে জনসমুদ্রে পরিণত করতে প্রচারণাও করেছেন নেতাকর্মীরা। সফর সফল করতে ইতিমধ্যে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারাও সিলেটে এসে অবস্থান নিয়েছেন, দিনব্যাপী নগরীতে লিফলেট বিতরণেও অংশ নিয়েছেন। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহরে আসবেন আরো বেশ ক’জন কেন্দ্রীয় নেতা।

সড়কপথে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। বিকেল ৪টার দিকে তিনি সিলেটে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। সিলেট পৌঁছেই হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে রাত যাপন করবেন। রাতেই সড়কপথেই তিনি ঢাকায় ফিরবেন।

সর্বশেষ দশম জাতীয় নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর সিলেটে জনসভায় বক্তব্য রেখেছিলেন খালেদা জিয়া। ২০ দলীয় জোটের ব্যানারে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ২০১১ সালের ১০ অক্টোবর ঢাকা থেকে রোডমার্চ করে সিলেটে এসেছিলেন তিনি। পরদিন ১১ অক্টোবর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতাও দিয়েছিলেন।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন- যা আগামীর সব আন্দোলনে শক্তি সঞ্চার করবে।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম জানান, খালেদা জিয়ার সিলেট সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মাজার জিয়ারত করা। তবে সিলেট সার্কিট হাউজে অবস্থানকালে খালেদা জিয়া সিলেট বিভাগের বিএনপির নেতাদের নিয়ে বসবেন।

(আজকের সিলেট/৫ ফেব্রুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন