১৮ ফেব্রুয়ারি ২০২৩


মাছ-মাংস ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে : মেনন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ওয়ার্কাস পার্টি দেশের গরিবদের পক্ষে কথা বলে। আজ দেশের মানুষ তিন বেলা তো দূরের কথা, দুই বেলাও ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারছেন না। মাছ, মাংস ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে। এমনকি যে আটা দিয়ে রুটি বানিয়ে খাবে সেই আটারও দাম বেড়ে গেছে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সারা দেশের মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবি তুলতে হবে। গরিব ও মধ্যবিত্ত মানুষের খাবার নিশ্চিত করতে হবে। আজ সময় এসেছে, নিজেদের দাবি নিজেদেরই পূরণ করতে হবে।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ওয়ার্কস পার্টির সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর মাধ্যমে খাদ্যনিরাপত্ত নিশ্চিত ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধ ও দুর্নীতি বন্ধের দাবিতে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সভাপতি সিকান্দর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক তাপস ঘোষ, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক এটিএম কয়েস, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সভাপতি মাসুদ রানা চৌধুরী।

উপস্থিত ছিলেন অজিত দেবনাথ, মুহিতোষ চৌধুরী প্রসাদ, কাজী আলফাজ হোসেন, আব্দুল্লাহ খোকন, রুহুল আমীন, স্বপন দাস, অপু তরফদার, ছালেহ আহমেদ, বিজয় করিম, প্রান্ত দেবনাথ, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন