১৬ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী সিলেট-২ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বিশ্বনাথ-ওসমানীনগরের সর্বস্তরের মানুষের দোয়া-প্রার্থনা ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সিলেট-২ সংসদীয় আসনের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আজীবন নিরলস কাজ চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে নিজেকে উৎসর্গ করেছিলেন ।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই আমি দীর্ঘদিন ধরে জনমানুষের সেবায় নিয়োজিত রয়েছি। আমি দিনরাত আমার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি প্রকৃত অর্থেই সিলেট-২ আসনের সর্বস্তরের নাগরিকদের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। আমি আশাবাদী, সিলেট-২ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীকের মনোনয়ন পাবো। আমি ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হবো এবং মানুষের জন্য কাজ করতে পারবো। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করার এই আগ্রহ প্রকাশ করেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। তিনি মানস (মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির উপদেষ্টা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য, ইব্রাহীম মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অব ডেন্টালসার্জারির প্রফেসর, বারডেম হাসপাতালের ডিপার্টমেন্ট অব ডেন্টাল সার্জারির সাম্মানিক উপদেষ্টা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী, উপস্থাপক।