১৪ ফেব্রুয়ারি ২০২৩


কমলগঞ্জে এক টাকায় স্বাস্থ্যসেবা!

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মাত্র এক টাকায় স্বাস্থ্যসেবা মিলবে। এক টাকার বিনিময়ে চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা পাবেন প্রাথমিক চিকিৎসাসেবা, ব্লাড প্রেশার চেক, ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ’র সহযোগিতায় ‘১ টাকায় ডাক্তারি পরামর্শ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি নিজে একটি মাটির ব্যাংকে ১ টাকা জমা দিয়ে চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে ‘১ টাকায় ডাক্তারি পারামর্শ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নূরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একদিন এক ঘন্টা করে বিভিন্ন ইউনিয়নে একজন এমবিবিএস ডাক্তারের উপস্থিতিতে ডাক্তারি পরামর্শ ও সেবা প্রদান করা হবে এবং চিকিৎসকরা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনারের আয়োজন থাকবে।

কমলগঞ্জে ‘১ টাকায় ডাক্তারি পরামর্শ’ প্রকল্পের উদ্বোধন করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ১ টাকায় চিকিৎসাসেবা একটি মহৎ উদ্যোগ। চিকিৎসাসেবা সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিরাপত্তা মানব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবার স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্য মানব উন্নয়নের জন্য মৌলিক। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য নিরাপত্তা অপরিহার্য। জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও নির্ভর করে একটি দেশের কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ওপর।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পরিসেবা সর্বোত্তম চেষ্টা করছে সরকার। সেই লক্ষ্যে প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কমলগঞ্জে এ আয়োজন।

শেয়ার করুন