২ ফেব্রুয়ারি ২০১৮


নবীগঞ্জে বাসে আগুন, নিহত ১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে চলন্ত বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাস চালক আটকা পড়ে পুড়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সংবাদটি লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেট গামী একটি বাস উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে ১ জন নিহত হয়। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি সবার চোখের সামনেই পুড়ে মারা যান বাস চালক।

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এ প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি, তবে নিহত বাস চালকের পরিচয় পাওয়া না গেলেও তিনি নিহতকে এই গাড়ীর হেলপার বলে দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি ট্রাকটিকে ধাওয়া করলে ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের কোনো টহল গাড়ি ছিলো না, আর ধাওয়ার কোনো ঘটনাও ঘটেনি।

(আজকের সিলেট/২ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন