৭ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : চলতি মাসেই আসছে সিলেট জেলা বিএনপি। এ নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা। কারা আসছেন সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ এই কমিটিতে, এনিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে নবীন ও প্রবীনের সমন্বয়েই আসছে নতুন এই কমিটি এমন আবাস’ই দিয়েছেন সংশ্লিষ্টরা।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সিলেট জেলা বিএনপির সুপার তিন নেতা নির্বাচিত হওয়ার পর বন্যা, কেন্দ্রীয় লাগাতার কর্মসূচি সহ বিভিন্ন পিছিয়ে যায় সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি। এখন আর বিলম্ব নয়, চলতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই ঘোষনা হতে যাচ্ছে দলের জেলার পূর্ণাঙ্গ কমিটি।
দলীয় সূত্রমতে, তবে ১৫১ সদস্য সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি দুটি ধাপে ঘোষনা করা হতে পারে। প্রথম ধাপে সদস্য ছাড়া বাকি ১০১টি পদে নাম ঘোষণা করা হতে পারে। বাকি সদস্য পদগুলো দ্বিতীয় ধাপে ঘোষণা করা হবে বলে সূত্র জানায়।
দলীয় সূত্র জানায়, পুরাতন কমিটি ভেঙ্গে ২০১৯ সালে কামরুল হুদা জায়গীরদারকে আহবায়ক করে গঠন করা হয়েছিল সিলেট জেলা বিএনপি’র একটি আহবায়ক কমিটি। এর দীর্ঘ ২ বছর পর ২০২২ সালের ২৯শে মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলনে তৃণমূলের নেতাদের গোপন ব্যালটের (ভোটের) মাধ্যমে সভাপতি নির্বাচিত হন রাজপথের পরীক্ষিত নেতা আব্দুল কাইয়ূম চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হন সাবেক ছাত্রদল নেতা শামীম আহমদ।
জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, ২০২২ সালে সিলেট ছিল নানা সংকটাপন্ন। পরপর দু’দফা ইতিহাসের ভয়াবহ বন্যাকবলিত হয় সিলেট। এসময় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল সিলেট জেলা বিএনপি’র নেতাকর্মীরা। বন্যা কমে যাওয়ার পর লাগাতার রাজনৈতিক কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ-সহ নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন দলের নেতাকর্মীরা। সাংগঠনিক কাজে সময় দেওয়া যায়নি। আর এ কারণে দফায় দফায় উদ্যোগ নিয়েও কমিটির তালিকা পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি।
জেলা নেতৃবৃন্দ আরো জানান, গত বছরের নভেম্বরে বিভাগীয় মহাসমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশ নিয়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয় । এই উত্তাপের রেশ পড়েছিল সিলেটেও। তাই গত ডিসেম্বরের শেষ দিকে জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের সাংগঠনিক প্রক্রিয়া শুরু করতে হয়। ইতিমধ্যে কমিটির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রর কাছেও এটি জমা দেয়া হয়েছে। এখন এই কমিটি নিয়ে আলাপ-আলোচনা শেষ পর্যায়ে।
এদিকে, সিলেট জেলা বিএনপি’র বর্তমান কমিটিতে নতুন মুখ কারা আসছেন, সেটি এখনো প্রকাশ করা হয়নি। তবে নেতাদের মুখে মুখে রটছে বিভিন্ন নাম। ইতোমধ্যে তাদেরকে নিয়ে ব্যাপক আগ্রহও তৈরি হয়েছে। জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও প্রথম যুগ্ম সম্পাদক পদে কে আসছেন সেটি নিয়েও আলোচনা তুঙ্গে।
সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ আজকের সিলেট ডটকমকে জানান, দিনতারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না। তবে সাংগঠনিক সকল কার্যক্রম সম্পন্ন। এ মাসেই জেলা বিএনপি’র কমিটি ঘোষনা হতে পারে।
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি প্রায় চূড়ান্ত। চলতি মাসেই সেটি ঘোষণা করা হতে পারে। এতে অনেক নতুন মুখ আসবে। পাশাপাশি প্রবীণরাও থাকছেন কমিটিতে। এ ছাড়া আন্দোলন সংগ্রামে উপজেলা পর্যায়েও যারা ভূমিকা রাখছেন কিংবা আগামীতেও রাখতে পারবেন, এমন বিচেনায় নতুন কমিটিতে তাদেরকেও প্রাধান্য দেয়া হয়েছে। অচিরেই আসছে সিলেটে জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি। ইতোমধ্যে কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের তালিকা চুড়ান্ত করে কেন্দ্রে পাঠনো হয়েছে। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে জেলা নেতৃবৃন্দের আলোচনা চলছে। প্রস্তাবিত কমিটিতে আংশিক যাচাই-বাছাইয়ের পরই কমিটি ঘোষণা করা হবে। পুরো ১৫১ না হলেও প্রথম ধাপে শতাধিক পদে ও সদস্যের নাম আসবে বলে তিনি আশাবাদী।
তিনি আরো জানান, সিলেট জেলা বিএনপি অতিতের যেকোন সময়ের তুলনায় এখন ঐক্যবদ্ধ, দরেল ভেতরে কোনো বিভক্তি বা বিরোধ নেই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। এ কারণে যারা দলের জন্য ত্যাগী ও পরীক্ষিত সৈনিক, তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হচ্ছে।