৪ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় অসহায় ২৫০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপকারভোগী নারীরা হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়নের বাসিন্দা।
শনিবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে সংসদ সদস্য মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে তাদের এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমুখ।
উপাকরভোগী পইল ইউনিয়নের নাছিমা খাতুন জানান, তার স্বামী অসুস্থ এবং তার একার আয় দিয়ে সংসার চলে। ঘরে থাকা সেলাই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় রোজগার কমে গিয়েছিল। একটি নতুন সেলাই মেশিন পেয়ে তিনি আনন্দিত।
অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। একই উদ্দেশে হবিগঞ্জ সদর উপজেলায় এ সব নারীকে সেলাই মেশিন প্রদান করেছেন বলে জানান তিনি।