৩১ জানুয়ারি ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রুতগামী ট্রাকের চাপায় কাজলী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও তিন জন। তিনি উপজেলার উত্তরসুর এলাকার ভান্ডারী পাড়ার বাসিন্ধা। এই দুর্ঘটনায় কাজলীর মেয়ে পলি, পলির ৬ মাসের শিশু সন্তান লিমন ও আত্মীয় মিলন বেগম আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকায় বিসিক শিল্প নগরীর কাছে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় তিন নারী ও এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এই নারী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল শহর থেকে আসা একটি ট্রাক উত্তরসুর এসে মোটরসাইকেলের মুখোমুখি পড়ে যায়। তখন মোটরসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে ট্রাকটি পথচারীদের উপরে উঠে পরে। এতে ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলে কাজলী বেগম নিহত হন। তার সঙ্গে থাকা অন্য তিনজন গুরুতর আহত হন। খবর পয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে যায়। পরে এখান থেকে পলি ও ছেলে লিমনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বজন আল ইব্রাহীম বলেন, আহত মা ছেলেকে সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি মো. রাকিব বিন ইসলাম জানান, নিহতের মরদেহ মায়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।