২৬ জানুয়ারি ২০২৩


মৌলভীবাজারে ভক্তদের আগমনে মুখরিত পূজামন্ডপ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সরস্বতী পূজা। ধুপের ধোঁয়া, ঢাক ঢোল, শাঁখ, উলুধ্বনী আর মন্ত্রোচ্চারণে মুখরিত মৌলভীবাজারের প্রতিটা পূজা মন্ডপ। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছে। সনাতন ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী আসলেন মর্ত্যে।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, হাজারো সনাতন ধর্মালম্বীরা কুয়াশার সঙ্গে হিম শিতল বাতাস উপেক্ষা করে উৎসবে মেতে উঠেছেন। অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

ঘরে ঘরে এখন পূজার ধুম। রংবেরঙের পোশাক পরে শিক্ষার্থীসহ ভক্তরা আসছেন পুজো মন্ডপে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন তারা।

এসময় দেবীর জাগরণের সুর প্রার্থনা করেন ভক্তরা। দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবীর আগমনে সকল অশুভ শক্তি দূর হবে এমন প্রত্যাশা সনাতনীদের।

সদর পূজা উদযাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু বলেন, গত দুইবছর করোনার প্রভাবে স্বাস্থ্যবিধি মানার কারণে ভক্তদের আগমন কম ছিল। এবার স্বতঃস্ফূর্ত ভক্তদের ঢল নেমেছে প্রতিটা মন্ডপে। শহরের নানা প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন নিয়ে দেবী দর্শনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আসছেন।

মৌলভীবাজার শহরের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার্চনা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে- পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

আগামীকাল দেবীর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সরস্বতী পুজোর আনুষ্ঠানিকতা।

শেয়ার করুন